ভারতের চিকিৎসকদের অর্ধেকেরই ডিগ্রি ভুয়া
ভারতের অর্ধেক ‘চিকিৎসকের’ কোনো ডিগ্রিই নেই। ভুয়া ডিগ্রি দিয়ে জটিল সব অসুখের রোগী দেখছেন তাঁরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক একটি সমীক্ষা প্রতিবেদন জানাচ্ছে এমন তথ্যই।
গত ৪ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশটির বেশির ভাগ অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসকের কোনো স্বীকৃত চিকিৎসাবিষয়ক ডিগ্রিই নেই। এঁদের মধ্যে আবার অনেকেই মাধ্যমিক স্তরের পরে পড়াশোনাই করেননি। না জেনে বা বাধ্য হয়ে এঁদের হাতেই রয়েছে প্রায় শতকোটি মানুষের দেশের চিকিৎসার ভার।
প্রতিবেদনে বলা হয়,ভারতের আসাম, নাগাল্যান্ড, গুজরাট, রাজস্থান, বিহার পশ্চিমবঙ্গসহ মোট ২১টি রাজ্যের শহরের বাইরে স্বীকৃত চিকিৎসাবিষয়ক ডিগ্রিধারী ডাক্তার দুর্লভ। বংশানুক্রমে চিকিৎসক এবং অশিক্ষিত চিকিৎসকরাই গ্রামাঞ্চলের বসবাসকারীদের চিকিৎসার দায়িত্ব পালন করেন।

অনলাইন ডেস্ক