অরক্ষিত রেলক্রসিংয়ে ১৩ স্কুলছাত্রের মৃত্যু
ভারতের উত্তরপ্রদেশের অরক্ষিত রেলক্রসিংয়ে আবারও দুর্ঘটনা ঘটল। এবারের দুর্ঘটনার বলি ১৩ জন স্কুলছাত্রসহ এক একজন পুলকার চালক। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয় স্কুলছাত্র।
স্থানীয় সময় আজ সোমবার সকালে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ভাদোহি জেলার মাধেসিং স্টেশনের কাছে মেঘিপুর রেল ক্রসিং পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, এদিন সকালে স্থানীয় টেন্ডার হার্ট স্কুলের ১৯ জন ছাত্রছাত্রী ভর্তি একটি পুলকার ভ্যান তাড়াতাড়ি স্কুলে যাওয়ার সময় অরক্ষিত ওই লেভেল ক্রসিংয়ের ওপর উঠে যায়।
ওই সময় দ্রুত গতিতে ওই লাইন দিয়ে ছুটে আসছিল বারানসি-এলাহাবাদ প্যাসেঞ্জার। দ্রুত গতিতে আসা ওই ট্রেনের ধাক্কায় মুহূর্তের মধ্যে পুলকারটি দুমড়ে মুচড়ে যায়। প্রচণ্ড শব্দে চমকে যান এলাকাবাসীরা। ঘটনাস্থলেই টুকরো টুকরো হয়ে যায় ১৩ জন খুদে ছাত্রের দেহ। ঘটনাস্থলেই মারা যান পুলকারের চালকও। এ ছাড়া ঘটনায় ছয় ছাত্র জখম হয় গুরুতরভাবে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয়রা ট্রেন আসছে বলে পুলকার চালককে সতর্ক করলেও তিনি সেই কথা না মেনে লেভেল ক্রসিংয়ের ওপর গাড়ি নিয়ে উঠে যান। এর পরই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। উত্তেজিত এলাকাবাসী বারানসি-এলাহাবাদ লাইন আটকে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের জেরে সাময়িক বন্ধ হয়ে যায় ওই লাইনে ট্রেন চলাচল।

কলকাতা সংবাদদাতা