রাজস্থানে নারীর নিরাপত্তায় নারী পুলিশ
পুলিশের নারী কর্মকর্তারা রাস্তায় টহল দিচ্ছেন। ব্যবহার করছেন মোটরসাইকেল। আত্মরক্ষার জন্য অস্ত্রও আছে সাথে। পথেই অভিযোগ শুনছেন, লিখছেন এমনকি ব্যবস্থাও নিচ্ছেন। বিশেষ করে নারীরা পথে উত্ত্যক্ত হচ্ছে কি না সেদিকে লক্ষ রাখছেন।
দৃশ্যটি যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশের নয়। ভারতের রাজস্থানের উদয়পুর এলাকায় এখন নারী পুলিশ কর্মকর্তারা টহল দিচ্ছেন রাস্তায়। নারীরাও নিজেদের নির্যাতন সংক্রান্ত অভিযোগ নিয়ে পুলিশের কাছে আসছে।
গত সেপ্টেম্বর থেকে রাজস্থান সরকার নারী পুলিশ কর্মকর্তাদের এ রকম কাজ করার নির্দেশ দিয়েছে। উদ্দেশ্য হচ্ছে নারী নির্যাতন কারীদের আটক করা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এ রাজ্যের পুলিশ ‘জেন্ডার বান্ধব’ নয় এমন অভিযোগ আছে। ভারতে নারী নির্যাতন হয় এমন শীর্ষ রাজ্যের মধ্যে রাজস্থান তৃতীয়।
উদয়পুরের ডেপুটি পুলিশ সুপার চন্দ্রশীল ঠাকুর বলেন, ‘ওই নারী কর্মকর্তারা মার্শাল আর্ট জানেন, অস্ত্র চালাতে দারুণ পারদর্শী। তাঁরা খুবই শক্তিশালী। তাঁরাই নারীদের নিরাপত্তা দিতে পারবেন।’ তিনি আরো জানান, একসময় ওই নারীরা মোটরসাইকেল চালাতে পারতেন না।এখন সবাই পারেন।
উদয়পুরে এ অভিযান সফল হলে ধীরে ধীরে রাজস্থানের অন্যান্য শহরেও তা ছড়িয়ে দেওয়া হবে।
সীমা নামের এক পুলিশ পরিদর্শক বলেন, ‘পুলিশে যোগ দেওয়ার পর জানলাম আমাদের শক্তি আছে এবং তা দেওয়া আছে ভালো কাজ করার জন্য।’

অনলাইন ডেস্ক