লাইনে দাঁড়িয়ে নোট বদলালেন মোদির মা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মঙ্গলবার বাজার থেকে ৫০০ ও এক হাজার রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দেন। ছেলের এই সিদ্ধান্তের পর বাতিল নোট বদলাতে ব্যাংকে হাজির হয়েছেন মা হিরাবেন।
আজ মঙ্গলবার গুজরাট রাজ্যের গান্ধীনগরের একটি ব্যাংকে যান ৯৫ বছর বয়সী এই বৃদ্ধা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হিরাবেন আজ সকালে একটি বাতিল ৫০০ রুপির নোট বদলাতে ব্যাংকে যান। ভারতের প্রধানমন্ত্রীর মা হয়েও সাধারণ জনগণের সঙ্গে লাইনে দাঁড়ান তিনি। এ সময় তাঁকে কাগজপত্রে স্বাক্ষর করতে কয়েকজন সাহায্য করেন।
হিরাবেন হুইলচেয়ারে করে এলেও ব্যাংকের ভেতর হেঁটেই প্রবেশ করেন।
গতকাল সোমবার মোদি জানান, নোট বাতিলসংক্রান্ত বিষয়ে জনগণের সমস্যাটা তিনি বুঝতে পারছেন। এ সময় তিনি জনগণকে আরো ৫০ দিন ধৈর্য ধরতে বলেন।
গত মঙ্গলবার নোট বাতিলের ঘোষণায় বেশ ভোগান্তিতে পড়ে ভারতের জনগণ। ঘোষণার পর থেকেই ভারতজুড়ে বিভিন্ন ব্যাংক ও এটিএমের সামনে নোট বদলের জন্য দীর্ঘ লাইন দেখা যায়।

এনডিটিভি