ভারতের রাস্তায় নামল ৮ জঙ্গিবিমান
ভারতের রাস্তায় নেমে এলো জঙ্গিবিমান। আজ সোমবার সকালে আগ্রা-লক্ষ্ণৌ মহাসড়কে নেমে আসে এই যুদ্ধবিমানগুলো। দেশটির বিমানবাহিনীর একটি বিশেষ মহড়ার অংশ হিসেবে জঙ্গিবিমানগুলো রাস্তায় অবতরণ করে।
জরুরি অথবা যুদ্ধকালীন অবস্থার জন্য সার্বক্ষণিক তৈরি থাকার অংশ হিসেবে বিমানবাহিনীর এই বিশিষ মহড়া অনুষ্ঠিত হয়। এজন্য উত্তর প্রদেশে বিমান নামার উপযোগী ৩২ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়। ১৩ হাজার ২০০ কোটি রুপি খরচে ২২ মাসে যুদ্ধবিমান নামার উপযোগী এ রাস্তাটি তৈরি করে ভারত এরই মধ্যে রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
রাস্তায় জঙ্গি বিমান নামার মহড়ায় মুখ্যমন্ত্রী অখিলেশ ছাড়াও ছিলেন রাজনীতিবিদ রামগোপাল যাদব, শিবপাল যাদব, ধর্মেন্দ্র যাদব, উত্তরখণ্ডের সাবেক গভর্নর আজিজ কোরায়েশী ও আজম খান।
এর আগে গত বছরের মে মাসে দেশটির প্রথমবারের মতো সামরিক বিমান ফ্রান্সের তৈরি ‘ডেসল্ট মিরাজ-২০০’ যুদ্ধবিমান রায়া গ্রামের কাছে যমুনা মহাসড়কে অবরতণ করে। এ ছাড়া যুদ্ধের মতো জরুরি অবস্থায় কীভাবে আলাদাভাবে মহাসড়ক ব্যবহার করা যায় তার জন্য মথুরার রাস্তায়ও জঙ্গিবিমান নামানোর পরীক্ষা করা হয়েছে। তবে একইসঙ্গে ভারতের রাস্তায় আটটি জঙ্গিবিমান অবতরণের ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন অখিলেশ যাদব।

টাইমস অব ইন্ডিয়া