অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে বন্দুক হামলায় নিহত ১২
অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্রসৈকতে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ ২৯ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় আজ রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কমপক্ষে দুজন বন্দুকধারীকে গুলি ছুড়তে দেখা যায়। এর মধ্যে একজন পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন। হামলার সময় বন্দাই সমুদ্রসৈকতে ইহুদিদের অন্যতম প্রধান উৎসব হানুক্কার প্রথম দিনের অনুষ্ঠান চলছিল। সেখানে এক হাজারের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়নের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলার এ ঘটনাকে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ হৃদয়বিদারক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।
এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষদেরকে এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেছেন, ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, রাতটি শান্তি ও আনন্দময় হওয়ার কথা ছিল, কিন্তু ভয়াবহ নারকীয় হামলায় সব চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক