সাংবাদিক মার্ক টালি আর নেই
প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে মারা যান বিবিসির সাবেক এই সাংবাদিক। তার বয়স ছিল প্রায় ৯০ বছর। খবর বিবিসির।
একাত্তরের মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে মার্ক টালির কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকত পুরো বাংলাদেশের মানুষ। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ আর বাঙালির দুর্দশার প্রকৃত চিত্র তিনি পৌঁছে দিতেন বিশ্বের কাছে। মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন।
মার্ক টালি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে বিবিসিতে চাকরি নেন। ১৯৬৫ সালে ভারতের দিল্লিতে দায়িত্ব নিয়ে আসেন।
তিনি বিবিসি থেকে অবসরে যাওয়ার পরে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়।

এনটিভি অনলাইন ডেস্ক