মক্কায় ফতোয়া প্রদানের দায়িত্ব পেলেন শায়খ বান্দার বালিলাহ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা অঞ্চলে ফতোয়া প্রদানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ। দেশটির গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ বিন ফাওজান আল-ফাওজান আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব অর্পণ করেন।
শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ বর্তমানে মক্কার মসজিদুল হারামের খ্যাতিমান ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ইলমি গভীরতা, সংযমী বক্তব্য আর কোরআন-সুন্নাহভিত্তিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি সৌদি আরবসহ মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। নতুন দায়িত্বে তিনি মক্কা অঞ্চলের ধর্মীয় প্রশ্ন ও জটিল বিষয়ে অফিসিয়াল ফতোয়া প্রদান করবেন।
এর আগে মক্কা অঞ্চলে ফতোয়ার দায়িত্ব বিভিন্ন সময় গ্র্যান্ড মুফতির সরাসরি তত্ত্বাবধানে বা তার মনোনীত আলেমদের মাধ্যমে পরিচালিত হতো। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শায়খ দীর্ঘদিন এই ব্যবস্থার নেতৃত্ব দিয়েছেন। তার সময়ে হারামাইনকেন্দ্রিক বহু গুরুত্বপূর্ণ ফতোয়া প্রদান করা হয়, যা মুসলিম উম্মাহর জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করেছে।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির পদটি বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদধারীরা কেবল জাতীয় পর্যায়ে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও ইসলামি ফতোয়া ও শরিয়াহ নির্দেশনায় নেতৃত্ব দিয়ে থাকেন। মক্কা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু, তাই এখানকার ফতোয়ার গুরুত্ব আরও বেশি।
নতুন এই নিয়োগের মাধ্যমে মক্কা অঞ্চলে একটি সুসংগঠিত, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল ফতোয়া ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কামাল পারভেজ অভি, মক্কা