ঠিকমতো চোখে দেখতে পারছেন না ইমরান খান
পাকিস্তানের সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পাকিস্তানের সুপ্রিম কোর্ট থেকে পাওয়া তথ্য বলছে, ইমরান খান এখন ১৫ শতাংশ দৃষ্টিশক্তি নিয়ে কারাগারে রয়েছেন। খবর দ্য ডনের।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতার চোখের এমন অবস্থা নিয়ে ক্রমশ উত্যপ্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজনীতির মাঠ। পাকিস্তানের পার্লামেন্টে তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তানের (টিটিএপি) ব্যানারে মূলত পিটিআই সদস্যরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো তাদের এই প্রতীকী প্রতিবাদ অব্যাহত থাকে।
গত শুক্রবার জুমার নামাজের পর থেকে পার্লামেন্টের ভেতরে ও বাইরে ইমরান খানের উন্নত চিকিৎসার দাবিতে পিটিআই নেতারা তাদের প্রতিবাদী অবস্থান বজায় রেখে চলেছেন। তাদের প্রধান দাবি হলো অতিদ্রুত ইমরান খানকে সিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হোক। রাজনৈতিক দল হিসেবে পিটিআইয়ের পক্ষ থেকেও এ বিষয়ে সোচ্চার থাকার অবস্থান নেওয়া হয়েছে।
এদিকে, টিটিএপির ব্যানারে যে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে তার নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি মেহমুদ খান আচাকজাই। তার সঙ্গে রয়েছেন পিটিআই সভাপতি ব্যারিস্টার গহর আলি খান, সেনেটর আলি জাফর, আসাদ কায়সার, জুনাইদ আকবর এবং অন্যান্যরা।
অন্যদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ শনিবার বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের চিকিৎসা একটি বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের তত্ত্বাবধানে করানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আতাউল্লাহ তারার বলেন, ‘ইমরান খানের চোখের চলমান চিকিৎসার ধারাবাহিকতার অংশ হিসেবে, সেরা চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে ইমরান খানের পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে।’
পোস্টে আতাউল্লাহ তারার আরও বলেন, ‘এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। স্বার্থান্বেষী মহলের ব্যক্তিগত ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই বিষয়টিকে নিয়ে কোনো ধরনের অনুমান, জল্পনা-কল্পনা ও এটিকে রাজনৈতিক বাগাড়ম্বরে রূপ দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।’

এনটিভি অনলাইন ডেস্ক