যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারকে ‘লুজার’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত এক নৈশভোজে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ‘লুজার’ বলে মন্তব্য করেছেন। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প গত দুই সপ্তাহের মধ্যে বন্ধুদের সঙ্গে এক ব্যক্তিগত ডিনারে এই মন্তব্য করেন। সংবাদপত্রটির উদ্ধৃত এক সূত্র জানায়, ট্রাম্পের মতে স্টারমারের ‘রাজনৈতিক ভবিষ্যৎ আর নেই।’
এই মন্তব্য ট্রাম্পের আগের অবস্থান থেকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি স্টারমারকে ‘উইনার’ বলেও উল্লেখ করেছিলেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে বাড়তে থাকা মতবিরোধের প্রেক্ষাপটেই এই মন্তব্য এসেছে।
সম্প্রতি ইরানকে ঘিরে চলমান সংঘাতের বিষয়ে স্টারমারের অবস্থানেরও সমালোচনা করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘উইনস্টন চার্চিল নন’ এবং তার নীতির কারণে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সময় যুক্তরাজ্যের অভিবাসন ও জ্বালানি নীতিরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি এসব নীতিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে ব্রিটেনকে তথাকথিত ‘শরিয়া আদালত’ বাতিল এবং উত্তর সাগরে তেল ও গ্যাস অনুসন্ধান বাড়ানোর আহ্বান জানান।
দুই দেশের মধ্যে মতবিরোধের আরেকটি বিষয় হলো ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের প্রশ্ন। দ্য টেলিগ্রাফ জানায়, যুক্তরাষ্ট্রকে রয়্যাল এয়ার ফোর্স (আএএফ) ঘাঁটি থেকে হামলা চালানোর অনুমতি দিতে প্রথমে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প হতাশা প্রকাশ করেছিলেন। ব্রিটিশ সরকার সে সময় আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে ট্রাম্পের অভিযোগের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষ সম্পর্ক এখনও কার্যকর রয়েছে।
স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন জীবন রক্ষায় ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বিমান পরিচালনা করা হচ্ছে। ব্রিটিশ যুদ্ধবিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে এবং দুই দেশ প্রতিদিন গোয়েন্দা তথ্য আদান-প্রদান করছে। এটাই যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের বিশেষ সম্পর্কের বাস্তব উদাহরণ।
স্টারমার আরও বলেন, শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে পড়ে থাকা কোনোভাবেই সেই বিশেষ সম্পর্কের প্রতিফলন নয়।

এনটিভি অনলাইন ডেস্ক