নেপালের নির্বাচনে ভোটগণনায় ওলি’র দুর্গে এগিয়ে ‘বালেন’ শাহ
গত বছর ‘জেন জি’ প্রজন্মের রক্তক্ষয়ী বিক্ষোভে কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার পতনের পর নেপালে প্রথম সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, কেপি শর্মা ওলি’র নিজস্ব দুর্গ হিসেবে পরিচিত ঝাপা নির্বাচনি এলাকায় ৭৪ বছর বয়সী এই নেতার চেয়ে এগিয়ে আছেন র্যাপার থেকে রাজনীতিতে আসা কাঠমান্ডুর সাবেক মেয়র বলেন্দ্র শাহ। খবর এনডিটিভির।
৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামে পরিচিত, নির্বাচনের আগের জনসভাগুলোতে বিপুল সংখ্যক তরুণ ভোটারের সমাগম ঘটিয়েছেন। গত ডিসেম্বরে তিনি টিভি হোস্ট থেকে রাজনীতিতে আসা রবি লামিচানের নেতৃত্বাধীন দল আরএসপি-তে যোগ দেন। গত বছরের সেপ্টেম্বরে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে হওয়া ছাত্র আন্দোলনের অঘোষিত নেতা ছিলেন তিনি। এছাড়া, নির্বাচন পরিচালনার জন্য সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কীর অন্তর্বর্তীকালীন সরকার গঠনেও বালেন সহায়তা করেছিলেন।
নির্বাচনের ফলাফল
নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষের মোট ২৭৫টি আসনের মধ্যে ১৬৫টি সরাসরি নির্বাচনের ভোট গণনা চলছে; বাকি আসনগুলো সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হবে।
রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) : বালেন শাহর দল আরএসপি এখন পর্যন্ত কাঠমান্ডু-১, কাঠমান্ডু-৭ এবং কাঠমান্ডু-৮—এই তিনটি আসনে জয়লাভ করেছে এবং ৫০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে।
সিপিএন-ইউএমএল : কেপি শর্মা ওলি’র দল ৪টি আসনে এগিয়ে আছে।
নেপালি কংগ্রেস : গগন থাপার নেতৃত্বাধীন দেশের প্রাচীনতম এই দলটি ৬টি আসনে এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে নেপালের ১ কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৬০ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬৫টি দলের ৩ হাজার ৪০০-এর বেশি প্রার্থী এই নির্বাচনি লড়াইয়ে অংশ নিচ্ছেন।

এনটিভি অনলাইন ডেস্ক