বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার কমার সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।
আজ সোমবার (৯ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫০৮২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে এপ্রিল ডেলিভারির স্বর্ণ ফিউচার প্রায় ১.৪ শতাংশ কমে ৫০৯৯ ডলারে দাঁড়ায়। খবর রয়টার্সের।
বিশ্লেষকদের মতে, ডলারের মূল্য বাড়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে। একই সঙ্গে মার্কিন ১০ বছরের ট্রেজারি বন্ড এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়।
বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠে যাওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে এবং সুদের হার কমানোর সম্ভাবনাও কমে গেছে। এতে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে উঠেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কায় এই দাম বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গত এক বছরে স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা বড় ভূমিকা রেখেছিল। কিন্তু তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হওয়ায় এখন সুদের হার কমার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
বিনিয়োগকারীরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী ১৮ মার্চের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৮২.৫০ ডলারে, প্লাটিনাম ২.৮ শতাংশ কমে ২০৭৬ ডলারে এবং প্যালাডিয়াম ১.২ শতাংশ কমে ১৬০৫ ডলারে নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক