লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৮৬
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮৬ জনে পৌঁছেছে। এসব হামলায় আহত হয়েছেন এক হাজার ৩১৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের অধীনস্থ হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার এক বিবৃতিতে জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
বিবৃতিতে বলা হয়েছে, চলমান হামলায় দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ১২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এরপর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে শুরু করে।
এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এই সংঘাতের প্রভাব লেবাননেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী এলাকায় পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

এনটিভি অনলাইন ডেস্ক