আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাল কাতার
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের ১১তম দিনে সব পক্ষকে পুনরায় আলোচনার টেবিলে ফেরার জোর আহ্বান জানিয়েছে কাতার। দীর্ঘদিন ধরে তেহরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা কাতার এই সংঘাত নিরসনে একমাত্র পথ হিসেবে ‘কূটনৈতিক আলোচনাকেই’ দেখছে।
মঙ্গলবার (১০ মার্চ) কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি এক সাক্ষাৎকারে চলমান পরিস্থিতি নিয়ে দোহার অবস্থান পরিষ্কার করেন। খবর আলজাজিরার।
তেহরানের সঙ্গে কাতারের দীর্ঘদিনের সুসম্পর্ক থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলায় কাতার ‘বিস্মিত’ কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন, এই ধরনের হামলা দোহার জন্য অপ্রত্যাশিত ছিল।
আল-খুলাইফি বলেন, আমরা বিশ্বাস করি যে আলোচনার টেবিলে ফিরে আসা ছাড়া আর কোনো স্থায়ী সমাধানের পথ নেই। সামরিক শক্তি দিয়ে এই সংকটের অবসান সম্ভব নয়।
তেহরানের উদ্দেশে কাতারের প্রতিমন্ত্রী বলেন, ইরানকে বুঝতে হবে যে এই অঞ্চলের দেশগুলো তাদের ‘শত্রু’ নয়। প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা কেবল উত্তেজনাকেই বাড়িয়ে তুলছে।
বর্তমান পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও কাতার যুদ্ধের তীব্রতা হ্রাস এবং একটি রাজনৈতিক সমাধানের জন্য তাদের প্রচেষ্টা ও আহ্বান অব্যাহত রাখবে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক