লেবাননে সাড়ে ছয় লাখ মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ
ইসরায়েল বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে সব মিলিয়ে ৬ লাখ ৬৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তার মধ্যে মাত্র এক দিনেই বাস্তুচ্যুত হয়েছে এক লাখ মানুষ৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে৷
ইউএনএইচসিআরের প্রতিবেদন অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হামলা শুরুর পর জনবিপর্যস্ত হয়ে পড়ে৷ অনেক মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়৷
সরকারি পরিসংখ্যান উল্লেখ করে ইউএনএইচসিআর জানিয়েছে, লেবাননের ৬ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছে৷ তাদের মধ্যে এক লাখ ঘর ছেড়েছে একদিনে৷ প্রায় এক লাখ ২০ হাজার জন সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে৷ তবে বাকিদের এখনো থাকার জায়গা নেই বলে জানিয়েছে সংস্থাটি৷
লেবাননে ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেন, ‘‘অনেকে এখন আত্মীয়-স্বজন বা বন্ধুদের সঙ্গে থাকছেন৷ কেউ কেউ এখনো থাকার জায়গা খুঁজছেন৷ রাস্তার ধারে গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমরা৷ সেখানে এবং ফুটপাতেও মানুষ ঘুমাচ্ছে৷’’
গত সপ্তাহের সোমবার ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর পর ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে বিমান হামলা শুরু করে৷

ডয়চে ভেলে