সুস্থ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে জানিয়েছেন ইরান সরকারের উপদেষ্টা ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসেফ পেজেশকিয়ান। আজ বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের স্টোরিতে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ইউসেফ পেজেশকিয়ান বলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন বলে খবর শুনেছিলাম। আমি এ বিষয়ে কিছু ঘনিষ্ঠ বন্ধুর কাছে খোঁজ নিয়েছি যাদের তাঁর সঙ্গে যোগাযোগ রয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন, আল্লাহর রহমতে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।
গত সোমবার থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত বীর’ বা ‘জানবাজ অব রমজান’ হিসেবে অভিহিত করতে শুরু করে। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে তিনি ঠিক কীভাবে বা শরীরের কোথায় আঘাত পেয়েছেন, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। মূলত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মোজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা আসেননি।
উল্লেখ্য, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি গত সোমবার ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এনটিভি অনলাইন ডেস্ক