ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুববে : লারিজানি
ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল অন্ধকারে ডুবে যেতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র চাইলে এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে।
এর জবাবে লারিজানি লিখেছেন, যদি তারা তা করে, তাহলে আধা ঘণ্টার মধ্যেই পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। খবর আনাদোলুর।
লারিজানি আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে এই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র চাইলে তেহরানসহ বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাতে পারে, যা ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারে।
ট্রাম্পের ভাষায়, আমরা চাইলে তেহরানসহ এমন কিছু স্থানে হামলা চালাতে পারি, যা তাদের দেশের পুনর্গঠন প্রায় অসম্ভব করে তুলবে। আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে তাদের বিদ্যুৎ সক্ষমতা ভেঙে দিতে পারি এবং তা পুনর্গঠনে তাদের ২৫ বছর সময় লাগতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। ওই হামলায় এখন পর্যন্ত প্রায় ১৩০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এর জবাবে ইরান ইসরায়েল, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক