ইরানের তেল স্থাপনায় হামলা হলে মার্কিন জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু হবে : তেহরান
ইরানের তেল অবকাঠামোর ওপরে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে তেহরান।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেছেন, যদি ইরানের তেল স্থাপনায় আঘাত হানা হয়, তাহলে যেসব তেল কোম্পানির সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব রয়েছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করছে—সেসব দেশের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। খবর আল জাজিরার।
ইরানি গণমাধ্যমের বরাতে মুখপাত্র বলেন, ইরানের তেল স্থাপনায় হামলা হলে অঞ্চলের সব তেল ও জ্বালানি অবকাঠামো, যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত, সেগুলো ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের খারগ দ্বীপে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে ওই দ্বীপের তেল অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
এই মন্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এমন কঠোর হুঁশিয়ারি দেওয়া হলো।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ বিমান হামলা শুরু করে। ওই হামলায় এখন পর্যন্ত প্রায় ১৩০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এর জবাবে ইরান ইসরায়েল, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুললেও তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক