পুতিন হয়তো ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছেন : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে ‘কিছুটা’ সহায়তা করে থাকতে পারেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি (পুতিন) হয়তো তাদের একটু সাহায্য করছেন। খবর আনাদোলুর।
ট্রাম্প আরও বলেন, রাশিয়া হয়তো মনে করে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে, তাই পরিস্থিতিকে তারা একইভাবে দেখছে।
ট্রাম্প বলেন, তিনি সম্ভবত মনে করেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি। হ্যাঁ, আমরা তাদেরও সাহায্য করছি।
এ বিষয়ে ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে বৈশ্বিক শক্তিগুলো এই পরিস্থিতিকে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে দেখছে। তিনি বলেন, চীনও একই কথা বলবে—তারা সহায়তা করে, আমরাও করি।
এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ব্যবহার করা হতে পারে।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মস্কো তেহরানকে মার্কিন সামরিক সম্পদের অবস্থানসংক্রান্ত তথ্য দিয়েছে, যার মধ্যে যুদ্ধজাহাজ ও সামরিক বিমানও রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক