ইসরায়েলের পুলিশ সদরদপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে ইরানের হামলা
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সে দেশের সেনাবাহিনীর প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে যে, আজ রোববার (১৫ মার্চ) তাদের বাহিনী ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট ‘লাহাভ ৪৩৩’-এর সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলোর সঠিক অবস্থান বা হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অন্যদিকে, ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলে ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ বছর বয়সী দুই ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
সংবাদপত্রটি আরও জানিয়েছে যে, একটি ক্লাস্টার বোমা (গুচ্ছ বোমা) ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রের অতিরিক্ত অস্ত্রগুলো দেশের দক্ষিণতম শহর এইলাত এবং মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে।
এর আগে, এইলাতের স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছিল, শহরের আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ক্লাস্টার ওয়ারহেডসহ) গুলি করে নামানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক