মধ্যপ্রাচ্যের ঘাঁটি ব্যবহার করে মার্কিন হামলার ‘যথেষ্ট প্রমাণ’ আছে : আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি সাক্ষাৎকারে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রটিকে লক্ষ্যবস্তু করার জন্য মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করা হয়েছে এবং এর ‘যথেষ্ট প্রমাণ’ তেহরানের কাছে রয়েছে।
আজ রোববার (১৫ মার্চ) আরবি ভাষার সংবাদ মাধ্যম ‘আল-আরাবি আল-জাদিদ’-কে আব্বাস আরাঘচি বলেন, ‘আমাদের কাছে এর পর্যাপ্ত প্রমাণ রয়েছে; স্যাটেলাইট ছবি এবং ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা প্রমাণ করে যে, এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ইরানে হামলার জন্য ব্যবহৃত হচ্ছে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্গ দ্বীপে হামলা চালানোর জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে, আব্বাস আরাঘচি বিশ্বের অন্যান্য দেশগুলোকে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের চলমান যুদ্ধের পরিধি বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।
রোববার প্রকাশিত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল বারোটের সঙ্গে এক টেলিফোন আলাপে আব্বাস আরাঘচি অন্য দেশগুলোকে ‘সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং এর বিস্তার ঘটাতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার’ আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি আহ্বানের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মন্তব্য করলেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যবস্থা রক্ষার জন্য অন্যান্য দেশের যুদ্ধজাহাজগুলোকে হরমুজ প্রণালীতে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। বর্তমানে ইরানি হামলার হুমকির মুখে কার্যত বন্ধ হয়ে আছে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ।

এনটিভি অনলাইন ডেস্ক