‘সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাক ট্রাম্প’
পারস্য উপসাগরে মার্কিন জাহাজ পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ট্রাম্প যদি সাহস দেখান তবে তিনি পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এ অঞ্চলে ইরানের পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে।
নাইনি বলেন, ট্রাম্প তো দাবি করেছেন যে তিনি ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছেন। যদি সত্যিই তাই হয়ে থাকে, তাহলে সাহস থাকলে তিনি তার জাহাজ পারস্য উপসাগরে পাঠাতে পারেন। খবর আনাদোলুর।
নাইনি আরও দাবি করেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র এবং তিন হাজার ৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে।
তার মতে, যখন প্রতিপক্ষ ইরানের সামরিক শক্তি ও প্রতিরোধক্ষমতা স্বীকার করবে, তখনই যুদ্ধ শেষ হবে। তিনি বলেন, আমরা আগ্রাসীদের শাস্তি দিতে চাই এবং শত্রুর বিরুদ্ধে আমাদের ধ্বংসাত্মক হামলা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১৩০০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং মার্চের শুরু থেকে কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক