ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের কৌশলহীনতার অভিযোগ মার্কিন সিনেটরের
ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের সুস্পষ্ট কোনো কৌশল নেই বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর মার্ক কেলি।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেলি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাম্প্রতিক মন্তব্য থেকে মনে হচ্ছে এই যুদ্ধের জন্য শুরু থেকেই কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছিল না। খবর আনাদোলুর।
মার্ক কেলি বলেন, প্রতিরক্ষামন্ত্রীর ‘নো কোয়ার্টার’ মন্তব্য এবং ট্রাম্পের ‘মজা করার জন্যও হামলা করা হতে পারে’ ধরনের বক্তব্য দেখেই বোঝা যায় যে এই যুদ্ধের কোনো পরিষ্কার কৌশল ছিল না।
গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। তিনি বলেন, আমরা এগিয়ে যাব, চাপ বজায় রাখব। শত্রুদের জন্য কোনো দয়া বা ছাড় নেই।
তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, ‘নো কোয়ার্টার’ ঘোষণা করা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং এটি সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
কেলি আরও জানান, তিনি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে একটি চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন, ‘নো কোয়ার্টার’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন।
সিনেটর বলেন, যুদ্ধ আইনে এ শব্দটির সুস্পষ্ট অর্থ রয়েছে—এটি এমন ঘোষণা বোঝায় যেখানে শত্রু সেনাদের বন্দি করা হবে না, বরং আত্মসমর্পণের সুযোগ না দিয়ে হত্যা করা হবে।
কেলি বলেন, এমন ঘোষণা জেনেভা ও হেগ কনভেনশনসহ আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে। এ পর্যন্ত সংঘাতে ১৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।
এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক