মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে মধ্যস্থতায় প্রস্তুত পাকিস্তান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি শান্ত করতে পাকিস্তান আন্তরিকভাবে আগ্রহী এবং সংঘাত কমাতে সক্রিয় ভূমিকা রাখতে চায়।
তারার জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের ভিত্তিতে দেশটি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে কাজ করছে।
পাকিস্তানের সম্প্রচারমন্ত্রী আরও বলেন, পাকিস্তান বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি, আঞ্চলিক দেশগুলোর মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালনে আমরা সক্ষম।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে পাকিস্তানের এই অবস্থানকে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১৩০০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং মার্চের শুরু থেকে কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।
সবশেষ ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার (১৬ মার্চ) রাতে বিমান হামলা চালিয়ে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানিকে হত্যা করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক