গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল ইরান
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ আজ বুধবার (১৮ মার্চ) সকালে এই তথ্য নিশ্চিত করেছে।
তাসনিম জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশটির সর্বোচ্চ আদালত এই মৃত্যুদণ্ড অনুমোদন করে। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মোসাদ কর্মকর্তাদের কাছে ইরানের স্পর্শকাতর এলাকাগুলোর ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি যখন সুইডেনে অবস্থান করছিলেন, তখন একটি ‘গ্রুপ ট্র্যাভেল’ বিজ্ঞাপনের লিঙ্কে নিজের তথ্য পোস্ট করার পর ইসরায়েলি গোয়েন্দারা অনলাইনে তার সঙ্গে যোগাযোগ করে। প্রাথমিকভাবে একজন ফার্সিভাষী মোসাদ কর্মকর্তা তাকে নিয়োগ দিয়েছিলেন।
গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের সাভোজবোলাঘ শহর থেকে তাকে গ্রেপ্তার করে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অত্যাধুনিক গুপ্তচরবৃত্তি, বিশেষ গোয়েন্দা ও স্যাটেলাইট যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয় বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, লারিজানি হত্যাকাণ্ড ও চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তেজনার মধ্যেই তেহরান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় কঠোর অবস্থান নিয়েছে। গত কয়েকমাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে সেখানে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক