বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দামবৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কার মাঝে আজ বুধবার (১৮ মার্চ) স্পট সোনার দাম ৩ শতাংশের বেশি কমেছে, যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে স্পট সোনার দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৪৪ দশমিক ২০ ডলারে নেমে আসে। এপ্রিলে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ৩ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৮৪৫ দশমিক ৫০ ডলারে নেমেছে।
মার্কিন ডলারের দাম সামান্য বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা আরও কঠিন হয়ে পড়েছে।
হাই রিজ ফিউচারসের মেটালস ট্রেডিংয়ের পরিচালক ডেভিড মেগার বলেন, যুদ্ধের ক্রমাগত তীব্রতায় জ্বালানির উচ্চমূল্য মুদ্রাস্ফীতির আগুনে ঘি ঢালছে। এজন্য ফেডারেল রিজার্ভ সুদের হার না-ও কমাতে পারে, যা স্বর্ণের দামকে চাপে রেখেছে।
অনিশ্চয়তার সময়ে স্বর্ণ একটি ঐতিহ্যবাহী নিরাপদ পণ্য, কিন্তু সুদের হার বেশি থাকলে এর কার্যকারিতা কমে যায়, কারণ এটি থেকে কোনো সুদ পাওয়া যায় না।
ইরান সংঘাত শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ পরেও উত্তেজনা প্রশমনের তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যার ফলে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরেই রয়েছে। এতে উচ্চ জ্বালানি খরচের প্রভাবে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, স্পট সিলভারের দাম ৪ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৫ দশমিক ৯৩ ডলারে, প্ল্যাটিনামের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ২০২৮ দশমিক ১২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ১৫২৬ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক