ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড
ইরানে এক সুইডিশ নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড এ কথা জানিয়েছেন৷
এক বিবৃতিতে এর নিন্দা জানিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘মৃত্যুদণ্ড একটি অমানবিক, নিষ্ঠুর ও অপরিবর্তনীয় শাস্তি। সুইডেন, ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর সঙ্গে একযোগে সকল পরিস্থিতিতে এর প্রয়োগের নিন্দা জানায়৷”
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গত বছরের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ চলার সময় ইরানে গ্রেপ্তার করা হয়েছিল৷ স্টেনারগার্ড বলেন, সুইডেন বারবার ইরানের কর্মকর্তাদের কাছে বিষয়টি উত্থাপন করেছে৷
বিবৃতিতে উল্লেখ করা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ববর্তী আইনি প্রক্রিয়াও ইরান যথাযথভাবে অনুসরণ করেনি।
এর আগে বুধবার ইরান কর্তৃপক্ষ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেয়। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর উল্লেখ করা ব্যক্তি আর ইরানের কর্তৃপক্ষের ঘোষণা করা ব্যক্তি এক কিনা তা এখনো স্পষ্ট নয়।
সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এমন দেশগুলোর মধ্যে ইরান অন্যতম৷ গত বছর দেশটিতে এক হাজার জনেরও বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ডয়চে ভেলে