ইরান শত্রুদের ওপর ‘ভয়াবহ আঘাত’ হেনেছে : মোজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তাঁর দেশ শত্রুদের ওপর ‘ভয়াবহ আঘাত’ হেনেছে। আজ শুক্রবার (২০ মার্চ) এমন একটি সময়ে তিনি এই দাবি করলেন যখন পারস্য নববর্ষ উৎসবের প্রথম দিনেই তেহরানে নতুন করে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
এদিকে, জেরুজালেমের ওল্ড সিটিতে আল-আকসা মসজিদ, ওয়েস্টার্ন ওয়াল এবং চার্চ অব দ্য হোলি সেপালকারের মাত্র কয়েকশ মিটার দূরে একটি বিস্ফোরণে বিশাল গর্ত তৈরি হওয়ার পর ইসরায়েল তেহরানের বিরুদ্ধে পবিত্র স্থানগুলোতে হামলার অভিযোগ এনেছে।
অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি; তিনি কেবল লিখিত বিবৃতি জারি করছেন।
পারস্য নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘ইরানিরা শত্রুকে এমন এক ভয়াবহ আঘাত হেনেছে যে তারা এখন উল্টোপাল্টা ও অর্থহীন কথা বলতে শুরু করেছে।’
বার্তায় মোজতবা খামেনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের দেশবাসীর মধ্যে ধর্মীয়, বুদ্ধিভিত্তিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও যে বিশেষ ঐক্য তৈরি হয়েছে, তার ফলেই শত্রু পরাজিত হয়েছে।’
চতুর্থ সপ্তাহে গড়াতে যাওয়া যুদ্ধের ছায়ায় ইরানিরা যখন অনেকটা ম্লানভাবে নওরোজ পালন করছে, ঠিক তখনই খামেনির এই বার্তাটি এলো।
এএফপি-র সাংবাদিকরা আজ শুক্রবার তেহরানের পূর্ব ও উত্তর অংশ থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। প্রতিনিধিরা জানিয়েছেন, রাজধানীর বাজারগুলোতে নতুন পোশাক ও উপহার কেনার জন্য ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো থাকলেও ফুটপাতগুলো বছরের এই সময়ের তুলনায় কম জনাকীর্ণ ছিল, কারণ অনেক মানুষ শহরের উত্তর দিকে পালিয়ে গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক