প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ চান না ইরান যুদ্ধ শেষ হোক, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ চান না ইরান যুদ্ধ শেষ হোক। তবে, এমন মন্তব্যের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে চলমান এ যুদ্ধের জন্য একজন বলির পাঁঠা খোঁজার কৌশল অবলম্বন করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর দ্য টেলিগ্রাফের।
টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার (২৪ মার্চ) ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দায় তাঁর প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যখন তিনি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে বলেছিলেন, এই যুদ্ধ শিগগিরই শেষ করা যেতে পারে, তখন হেগসেথ এবং আরেকজন শীর্ষ সামরিক কর্মকর্তা হতাশ হয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, পিট চায়নি (যুদ্ধটির) নিষ্পত্তি হোক।
এর আগের দিন সোমবার (২৩ মার্চ) সোমবার টেনেসিতে এক অনুষ্ঠানে হেগসেথের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের একটি সমস্যা নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করার সময় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথই প্রথম ইরানকে আক্রমণের পরামর্শ দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, “পিট, আমার মনে হয়—আপনিই প্রথম মুখ খুলেছিলেন এবং বলেছিলেন, ‘চলুন এটা করি, কারণ আপনি তাদের পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারেন না’।”
এই যুদ্ধের বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে প্রেসিডেন্টের সঙ্গে ভিন্নমত পোষণ করতে দেখা গেছে। গত ৮ মার্চ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে বলে ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ যুদ্ধ ‘মাত্র শুরু হয়েছে’।
ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে একটি ‘বড় উপহার’ দিয়েছে। তারা আমাদের একটি উপহার দিয়েছে এবং সেই উপহারটি আজ এসে পৌঁছেছে। সেটা ছিল একটা বিশাল বড় উপহার, যার মূল্য অনেক। তবে উপহারটা কী তা আমি আপনাদের বলব না। পুরস্কারটি খুবই তাৎপর্যপূর্ণ।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে জয়ী হয়েছে’ এবং ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন করেছে। প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমি এটি বলতে পছন্দ করি না—আমরা এটা দিয়ে এটা জিতেছি। যুদ্ধে জয় হয়েছে। একমাত্র ভুয়া খবরই এখন এটাকে জিইয়ে রাখতে চায়।’

এনটিভি অনলাইন ডেস্ক