ইরানি বিপ্লবী গার্ডের নৌপ্রধান ইসরায়েলি হামলায় নিহত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ঘোষণা করেছেন, ইসরায়েলি বিমান হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ বিভাগের প্রধান এডমিরাল আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
একটি ভিডিও বিবৃতিতে ইসরায়েল কাটজ বলেন, ‘গত রাতে এক সুনির্দিষ্ট এবং প্রাণঘাতী অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী প্রধান তাংসিরি এবং নৌ-কমান্ডের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নির্মূল করেছে।’
ইসরায়েল কাটজ আরও যোগ বলেন, ‘যে ব্যক্তিটি সরাসরি জাহাজ চলাচলের পথে হরমুজ প্রণালিতে মাইন স্থাপন এবং তা অবরুদ্ধ করার মতো সন্ত্রাসী কার্যক্রমের জন্য দায়ী ছিলেন, তাকে বিস্ফোরণের মাধ্যমে খতম করা হয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর শুরু হওয়া যৌথ মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে ইসরায়েল বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাকে হত্যার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রভাবশালী রাষ্ট্রীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানিও রয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বাহিনী ইরানের নৌ-স্থাপনাগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। গত সপ্তাহে কাস্পিয়ান সাগরে ইরানের বেশ কয়েকটি নৌ-জাহাজে হামলা চালায় ইসরায়েল; যার মধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সজ্জিত জাহাজ, সহায়তা জাহাজ এবং টহল নৌযান অন্তর্ভুক্ত ছিল।

এনটিভি অনলাইন ডেস্ক