মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান
যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের জবাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) রাতে এ জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। খবর তাসনিম নিউজের।
সূত্রের বরাতে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকাশিত তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার জবাবে স্পষ্ট করেছে—হত্যা ও আগ্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে, ভবিষ্যতে যুদ্ধ যাতে না হয় সে জন্য নির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
এছাড়া তেহরান জানিয়েছে, যুদ্ধের সমাপ্তি হতে হবে সব ফ্রন্টে এবং এই সংঘাতে জড়িত সকল প্রতিরোধ গোষ্ঠীর ক্ষেত্রেও তা কার্যকর হতে হবে।
প্রতিবেদনটিতে সূত্রটির বরাতে আরও জানানো হয়, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃতি দিতে হবে, যা তাদের মতে আন্তর্জাতিকভাবে স্বাভাবিক ও বৈধ অধিকার।
তবে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তেহরানের দাবি, আলোচনার নামে ওয়াশিংটন আসলে বিশ্বকে বিভ্রান্ত করা, তেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ভবিষ্যৎ সামরিক অভিযানের প্রস্তুতির জন্য সময় নেওয়ার চেষ্টা করছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধের আগেই যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কম ছিল, তবে এখন তা আরও গভীর সন্দেহে পরিণত হয়েছে।
ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র অতীতেও আলোচনার মধ্যেই সামরিক পদক্ষেপ নিয়েছে এবং এবারও একই কৌশল অনুসরণ করছে।

এনটিভি অনলাইন ডেস্ক