মধ্যপ্রাচ্য অস্থিরতায় স্বর্ণের দাম ৪৫০০ ডলারের নিচে
মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম কমে প্রতি আউন্স ৪৫০০ ডলারের নিচে নেমেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বর্ণের দাম দাঁড়ায় ৪৪২৬.৫০ ডলার, যা দিনের মধ্যে প্রায় ১.৬ শতাংশ কম। খবর আনাদোলুর।
গত কয়েক সপ্তাহ ধরে স্বর্ণবাজারে তীব্র ওঠানামার পর এই পতন দেখা গেল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ১৫ শতাংশ কমেছে, যা চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ ৫৫৯৫ ডলারের তুলনায় অনেক নিচে।
গত সপ্তাহে স্বর্ণের দাম ১৯৮৩ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন দেখে, যেখানে এক সপ্তাহেই ১০ শতাংশের বেশি কমে যায়।
একই সঙ্গে রূপার দামও কমেছে। প্রতি আউন্স রূপার দাম ২ শতাংশের বেশি কমে ৬৯.৭৩ ডলারে নেমেছে।
বিশ্লেষকদের মতে, সাধারণত ভূরাজনৈতিক সংকটে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হলেও, তেলের দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ায় সুদের হার দীর্ঘদিন উচ্চ থাকতে পারে। এমন প্রত্যাশায় স্বর্ণের আকর্ষণ কমে যাচ্ছে।
এছাড়া হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা বিশ্ববাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে।

এনটিভি অনলাইন ডেস্ক