ইরান আর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ নয় : ট্রাম্প
ইরান আর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের প্রভাব এখন দ্রুতই কমছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত এক ব্যবসায়িক সম্মেলনে তিনি বলেন, ৪৭ বছর ধরে ইরানকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী হিসেবে দেখা হয়েছে, কিন্তু এখন তারা আর সেই অবস্থানে নেই। তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। খবর আনাদোলুর।
ট্রাম্প অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইরান ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ‘পারমাণবিক ব্ল্যাকমেইলকে’ কৌশল হিসেবে ব্যবহার করেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান এখন আলোচনায় বসতে বাধ্য হয়েছে এবং একটি চুক্তির জন্য আগ্রহী। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ।
ট্রাম্প দাবি করেন, ইরানে এখনও যুক্তরাষ্ট্রের ‘তিন হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু’ বাকি রয়েছে এবং প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তবে তিনি এ সংঘাতকে ‘যুদ্ধ’ না বলে ‘সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করেন।
এ সময় তিনি ন্যাটোর সমালোচনা করে বলেন, ইরান ইস্যুতে জোটের অংশগ্রহণ না করা একটি ‘বড় ভুল’। অন্যদিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের ভূমিকাকে তিনি প্রশংসা করেন।
মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, অঞ্চলটি বড় পরিবর্তনের পথে রয়েছে এবং আরও অনেক দেশ যুক্তরাষ্ট্রের উদ্যোগে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।

এনটিভি অনলাইন ডেস্ক