হরমুজ প্রণালি থেকে মিত্রদের নিজ উদ্যোগে তেল আনতে বললেন ট্রাম্প
যুক্তরাজ্যসহ অন্যান্য মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালি থেকে নিজেদের তেল নিজেদেরই সংগ্রহ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
এ প্রসঙ্গে মঙ্গলবার (৩১ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এর একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘আপনাদের এখন থেকে শিখতে হবে কীভাবে নিজেদের জন্য লড়তে হয়। যুক্তরাষ্ট্র আপনাদের সাহায্য করার জন্য আর সেখানে থাকবে না, ঠিক যেভাবে আপনারাও আমাদের পাশে থাকেননি।’
প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর বার্তা মূলত তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতিফলন, যেখানে তিনি মিত্র দেশগুলোকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে, তাদের জ্বালানি নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্যের সুরক্ষার দায়িত্ব এখন থেকে তাদের নিজেদেরই নিতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’ এক প্রতিবেদনে জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কাছে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর একটি ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যুক্তি দিয়ে সে অনুরোধ রাখেননি।
ওই সময়টিতে যুক্তরাষ্ট্র কোনো প্রতিক্রিয়া প্রকাশ না করলেও ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারিতে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অস্বীকৃতিতে তার ক্ষোভের বহিঃপ্রকাশ স্পষ্ট হয়ে উঠেছে।

এনটিভি অনলাইন ডেস্ক