ইসরায়েলে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেয়ার আইনে ইইউর নিন্দা, জার্মানির উদ্বেগ
মারাত্মক কোনো হামলার জন্য সন্ত্রাসের অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ‘বৈষম্যমূলক’ বিল অনুমোদনের জন্য ইসরায়েলের নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷
ব্রাসেলসে মঙ্গলবার ইইউর মুখপাত্র আনোয়ার এল আনোউনি সাংবাদিকদের বলেন, ‘‘ইসরায়েলের মৃত্যুদণ্ড বিলটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক৷ মৃত্যুদণ্ডের প্রবর্তন এবং সেই সঙ্গে আইনটির বৈষম্যমূলক প্রকৃতি — সব মিলিয়ে এটি স্পষ্টতই একটি পশ্চাৎপদ পদক্ষেপ৷’’
এদিকে ইসরায়েলের সংসদ নেসেটে মৃত্যুদণ্ড আইন পাস করার সিদ্ধান্তে দুঃখ এবং আশঙ্কা প্রকাশ করেছে জার্মানি৷ এ আইন ফিলিস্তিনি ভূখণ্ডের ফিলিস্তিনিদের ওপর একচেটিয়াভাবে প্রযোজ্য হবে- এমন আশঙ্কা প্রকাশ করে জার্মানির এক মুখপাত্র মুখপাত্র বলেন, ‘‘ইসরায়েল স্বাভাবিকভাবেই, ৭ অক্টোবর থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে৷ তবে জার্মান সরকার গতকাল পাস হওয়া আইনটিকে গভীর উদ্বেগ নিয়ে দেখছে৷ জার্মানি মৌলিকভাবে মৃত্যুদণ্ডের বিরোধী, তাই ইসরায়েলের এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারে না৷’’

ডয়চে ভেলে