তুরস্কের উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ১৯ অভিবাসী নিহত
দক্ষিণ-পশ্চিম তুরস্কের এজিয়ান সাগরে বুধবার (১ এপ্রিল) এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৯ জন আফগান অভিবাসীর মৃত্যু হয়েছে। তুর্কি কোস্টগার্ডের একটি জাহাজের বাধা ও প্রতিকূল আবহাওয়ার মুখে রাবারের ডিঙি নৌকাটি ডুবে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। খবর এএফপির।
তুর্কি কোস্টগার্ড জানিয়েছে, একদল অভিবাসী একটি রাবারের নৌকায় করে যাওয়ার সময় কোস্টগার্ড তাদের থামার সংকেত দেয়। তবে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও নৌকাটি না থেমে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে ও বোদরুম উপকূলের কাছে এটি তলিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সমুদ্র থেকে ১৮টি মরদেহ ও ২১ জনকে জীবিত উদ্ধার করে।
উদ্ধারকৃতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মোট নিহতের সংখ্যা ১৯-এ দাঁড়িয়েছে। স্থানীয় গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে, আরোহীদের সবাই আফগান নাগরিক।
কোস্টগার্ডের তথ্যমতে, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজন নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। গভর্নর প্রতিকূল সমুদ্র ও বিরূপ আবহাওয়াকে এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, তুরস্ক ও নিকটবর্তী গ্রিক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এই বিপজ্জনক সমুদ্রপথটি ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জন্য অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রায়শই এই পথে এমন মারাত্মক জাহাজডুবির ঘটনা ঘটে থাকে।

এনটিভি অনলাইন ডেস্ক