ট্রাম্পের হুমকির পর পাল্টা হামলার অঙ্গীকার ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বোমা মেরে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্থাপনাগুলোর ওপর তীব্র হামলার অঙ্গীকার করেছে ইরান। বৃহস্পতিবার (২ এপ্রিল) হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছে। তবে ইরান আলোচনার মাধ্যমে কোনো সমাধানে না পৌঁছালে হামলা আরও তীব্র করার সতর্কবাণী দিয়ে তিনি বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। খবর এএফপির।
ট্রাম্পের এই হুমকির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর তীব্র হামলার ঘোষণা দিয়ে সরাসরি তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় ও তেল আবিব এলাকায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেরুজালেমেও নতুন করে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান সংবাদকর্মীরা।
এদিকে তেহরানেও একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা পুরো শহরজুড়ে কম্পন সৃষ্টি করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের পশ্চিমে কারাজের একটি সেতুতে দুই দফায় মার্কিন-ইসরায়েলি হামলা চালানো হয়েছে। প্রথম হামলায় দুজন বেসামরিক নাগরিক হতাহত হন ও সেখানে জরুরি উদ্ধারকারী দল পৌঁছানোর সময় দ্বিতীয় দফা হামলাটি চালানো হয়। এছাড়া ধারাবাহিক বোমা হামলার কারণে ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
ভয়াবহ বোমাবর্ষণ ও যুদ্ধের উত্তেজনার মধ্যেই তেহরানের মেলাত পার্কে ফার্সি নববর্ষ ‘নওরোজ’ উদযাপন করতে দেখা গেছে। ঐতিহ্য অনুযায়ী নওরোজের ১৩তম দিনে মানুষ বাইরে বনভোজন করে থাকে, যা তারা আতঙ্কের মধ্যেও পালন করার চেষ্টা করছে। তবে শহরজুড়ে ইরানি বিপ্লবী রক্ষীবাহিনীর চেকপয়েন্ট ও টহল নাটকীয়ভাবে বেড়েছে। অন্যদিকে ইসরায়েলে ইহুদিরা তাদের ধর্মীয় উৎসব ‘পাসওভার’ পালন করছেন, তবে ইরানের হামলার ভয়ে অনেকেই বাঙ্কারের ভেতর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
এক মাসেরও বেশি সময় আগে শুরু হওয়া এই যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এখন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। জ্বালানি ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এখন এই যুদ্ধের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছেন।

এনটিভি অনলাইন ডেস্ক