ট্রাম্পের আলটিমেটাম শেষ হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা
ইরানকে একটি চুক্তিতে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানি সরকারের হাতে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (ইস্টার্ন টাইম) রাত ৮টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) পর্যন্ত সময় আছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খোলার জন্য দেওয়া আলটিমেটামের সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।
ট্রাম্প বলেন, আমি চাই না এমনটি ঘটুক। তবে এমন কিছুই সম্ভবত ঘটতে চলেছে।
সামগ্রিক শাসনের পরিবর্তন সম্পন্ন করেছি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীদের দিয়ে সবকিছু সাজানো হয়েছে, আশা করছি চমৎকার বৈপ্লবিক কিছু ঘটতে পারে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, কে জানে কী হবে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান ঘটবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!
গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে গুপ্তহত্যা করেছে। এর মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রভাবশালী সচিব আলী লারিজানির নাম উল্লেখযোগ্য। এই ধারাবাহিক হত্যাকাণ্ডের পর পেজেশকিয়ানের এই মন্তব্যকে ইরানের রাজনৈতিক ও সামরিক মনোবলের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সরকারি হিসাব অনুযায়ী, চলমান এই যুদ্ধে ইরানে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন। যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের পাশাপাশি দেশটির শীর্ষ নেতৃত্বও এখন সম্মুখ সারিতে থেকে প্রতিরোধের ডাক দিচ্ছেন।

এনটিভি অনলাইন ডেস্ক