যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে মিসর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পরিকল্পিত বিমান হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্তে এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে তিনি শর্ত দেন- ইরানকে অবিলম্বে ও নিরাপদভাবে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ, যা কাজে লাগিয়ে আলোচনার পথ, কূটনীতি ও গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়া উচিত। খবর আল জাজিরার।
মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে আরও বলা হয়, এই যুদ্ধবিরতিকে কার্যকর করতে হলে সামরিক অভিযান পুরোপুরি বন্ধ রাখা এবং আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
মিসর জানায়, তারা পাকিস্তান ও তুরস্কের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে, যাতে অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা যায়।
এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় উপসাগরীয় দেশগুলোর বৈধ নিরাপত্তা উদ্বেগও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে কায়রো।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানকে আঞ্চলিক হুমকি থেকে সরাতেই এই অভিযান।
তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে উসকানিহীন হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। এখন পর্যন্ত ইরানে প্রায় ২০৭৬ জন নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চলে নিহত হয়েছেন আরও ২৮ জন। যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সদস্য এবং ইসরায়েলে ২৬ জন নিহত হয়েছেন।
যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয়, যার মাধ্যমে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায় এবং যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন সমালোচনার মুখে পড়ে।

এনটিভি অনলাইন ডেস্ক