ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি শেয়ার করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির একটি বিবৃতি শেয়ার করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি বিবৃতিটি শেয়ার করেন। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে আরাঘচি অঞ্চলের যুদ্ধ বন্ধে নিরলস প্রচেষ্টার জন্য পাকিস্তান এবং তাদের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। খবর আল জাজিরার।
আরাঘচি বলেন, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে।
এছাড়া আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সম্ভব হবে বলেও জানান তিনি।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পরিকল্পিত বিমান হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্তে এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে তিনি শর্ত দেন- ইরানকে অবিলম্বে ও নিরাপদভাবে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানকে আঞ্চলিক হুমকি থেকে সরাতেই এই অভিযান।
তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে উসকানিহীন হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। এখন পর্যন্ত ইরানে প্রায় ২০৭৬ জন নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চলে নিহত হয়েছেন আরও ২৮ জন। যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সদস্য এবং ইসরায়েলে ২৬ জন নিহত হয়েছেন।
যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয়, যার মাধ্যমে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায় এবং যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন সমালোচনার মুখে পড়ে।

এনটিভি অনলাইন ডেস্ক