ইরানের সঙ্গে ‘স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি’ চায় যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে একটি ‘স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি’ নিশ্চিত করতে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিল আয়োজিত গ্লোবাল প্রস্পেরিটি ফোরামে বক্তব্য দিতে গিয়ে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এ কথা বলেন। খবর আনাদোলুর।
ল্যান্ডাউ বলেন, আমরা একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা করছি। উভয় পক্ষই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
তবে তিনি স্বীকার করেন, যুদ্ধবিরতির পরিধি, এতে কোন কোন পক্ষ ও অঞ্চল অন্তর্ভুক্ত হবে- এসব বিষয়ে এখনও বিস্তারিত চূড়ান্ত করা কঠিন হয়ে পড়ছে।
ল্যান্ডাউ বলেন, এই বিষয়গুলো নির্ধারণ করা কিছুটা জটিল প্রমাণিত হচ্ছে। তবে আমরা এখনই আলোচনা চালিয়ে যাচ্ছি, যাতে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়।
ল্যান্ডাউ আরও বলেন, যুক্তরাষ্ট্র মনে করে তারা তাদের প্রাথমিক সামরিক লক্ষ্য অর্জন করেছে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র, নৌ ও ডেলিভারি সক্ষমতা দুর্বল করা, যা মূলত দক্ষিণাঞ্চল ও উপসাগরীয় এলাকায় কেন্দ্রীভূত ছিল।
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুবই চেষ্টা করছি চলমান সামরিক অভিযানটি দ্রুত শেষ করতে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করে, যার লক্ষ্য ছিল একটি চূড়ান্ত শান্তি চুক্তির পথ তৈরি করা। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইতোমধ্যে হাজারো মানুষ নিহত ও আহত হয়েছেন।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসবেন। সেখানে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের চেষ্টা করা হবে।
শনিবার (১১ এপ্রিল) শুরু হওয়ার কথা থাকা এই আলোচনা এক দিনের বেশি সময়ও চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক