যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘সদিচ্ছা’ নিয়ে আলোচনার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া পরিকল্পিত শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই কূটনৈতিক সুযোগটি কাজে লাগিয়ে একটি স্থায়ী সমাধানে উভয় পক্ষকে ‘সদিচ্ছা’ নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
শুক্রবার (১০ এপ্রিল) জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গুতেরেসের এই বার্তার কথা জানান।
ডুজারিক বলেন, উত্তেজনা প্রশমন ও পুনরায় সংঘাত প্রতিরোধে একটি স্থায়ী ও ব্যাপক চুক্তির জন্য উভয় পক্ষকেই আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
ডুজারিক আরও জানান, জাতিসংঘ মহাসচিব পুনরায় ব্যক্ত করেছেন যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির কোনো কার্যকর বিকল্প নেই। আর এই নিষ্পত্তির ভিত্তি হতে হবে জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের পূর্ণ অনুসরণ।
বর্তমানে এই অঞ্চলের কূটনৈতিক প্রচেষ্টাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমর্থন করার জন্য গুতেরেসের একজন ব্যক্তিগত দূত সেখানে অবস্থান করছেন বলে এক বার্তায় জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক