দ্বিতীয় দিনে গড়াল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যে ঐতিহাসিক সরাসরি আলোচনা দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। আলোচনায় অন্যতম প্রধান অচলাবস্থার বিষয় হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে খুব গভীর আলোচনায় যুক্ত রয়েছে। তিনি দাবি করেন, আলোচনা যেভাবেই শেষ হোক না কেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই যুদ্ধে জয়লাভ করেছে। খবর আল জাজিরার।
অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে বলেছে, তাদের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি। একই সঙ্গে তেহরান সতর্ক করে দিয়েছে, কোনো সামরিক জাহাজ এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে।
এদিকে লেবাননে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। দেশটিতে এক বিমান হামলায় তেফাহতা শহরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে সরাসরি আলোচনা চলছে। নিজেদের কারিগরি কমিটির সঙ্গে বৈঠকের পর এখন বিশেষজ্ঞ দল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দুপক্ষ।
মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ অন্যান্য উর্ধ্বতন নেতারাও রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তা দুই সপ্তাহের জন্য স্থগিত থাকা অবস্থায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনীতিতে আঘাত হানা এই সংঘাত গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর সাময়িকভাবে বন্ধ হয়।

এনটিভি অনলাইন ডেস্ক