যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন ইরানের ভাইস প্রেসিডেন্ট
ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান হরমুজ প্রণালি থেকে শুরু করে ক্ষতিপূরণ আদায় করা পর্যন্ত নিজেদের অধিকার রক্ষায় অটল থাকবে। আজ রোববার (১২ এপ্রিল) পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এ কথা বলেন তিনি।
ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ তার ভাষণে জাতীয় ঐক্যের ওপর আলোকপাত করেন এবং সমাজে ক্রমবর্ধমান সংহতির কথা উল্লেখ করে বলেন, সরকার এই ঐক্যকে দেশের স্বার্থ এগিয়ে নেওয়ার ভিত্তি হিসেবে বিবেচনা করে।
রেজা আরেফ আরও বলেন, হরমুজ প্রণালিতে শক্তি প্রদর্শন থেকে শুরু করে ক্ষতিপূরণ আদায় করা পর্যন্ত আমরা জনগণের অধিকারের ব্যাপারে দৃঢ় অবস্থানে আছি। শক্তিশালী ইরানের প্রতি এটিই আমাদের অঙ্গীকার।
ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, দেশটি কূটনৈতিক ও জাতীয় উভয় ক্ষেত্রেই প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি নিজেদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
এদিন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কোনো চুক্তিতে না পৌঁছেই ইসলামাবাদে তাদের সর্বশেষ দফার আলোচনা শেষ করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের মধ্যে একাধিক দফা আলোচনা ও প্রস্তাব বিনিময় হলেও তা কোনো যুগান্তকারী সাফল্য আনতে ব্যর্থ হয়েছে।
উভয় পক্ষ মূল মতবিরোধগুলো অমীমাংসিত রেখেই ইসলামাবাদ ত্যাগ করেছে এবং আরও কূটনৈতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ শেষ করার একটি বড় প্রচেষ্টার অংশ ছিল এই আলোচনা। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির চলার সময় এ আলোচনা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক