পোপের কড়া সমালোচনায় ট্রাম্প, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ভ্যাটিকান সম্পর্ক
ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতির জন্য ক্ষতিকর’ বলে মন্তব্য করেন।
স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি এমন কোনো পোপ চান না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন। তার এই প্রতিক্রিয়া আসে পোপ লিওর সাম্প্রতিক মন্তব্যের পর। সেখানে পোপ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান হামলার মালোচনা করেন এবং ট্রাম্পের ইরান ধ্বংসের হুমকিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন। খবর আল জাজিরার।
গত সপ্তাহে পোপ লিও সরাসরি ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে বলেন, কোনো দেশের সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়। রোববার তিনি আবারও বিশ্বনেতাদের প্রতি চলমান রক্তপাত বন্ধের আহ্বান জানান।
এছাড়া, পোপ লিও পূর্বে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিরও সমালোচনা করেছিলেন।
এর জবাবে ট্রাম্প বলেন, তিনি এমন পোপ চান না, যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত বা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ভুল বলে মনে করেন। তিনি আরও বলেন, পোপের উচিত রাজনীতি থেকে দূরে থেকে ধর্মীয় দায়িত্ব পালন করা।
ট্রাম্প আরও দাবি করেন, তার কারণেই একজন মার্কিন নাগরিক পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তিনি পোপ লিওর বড় ভক্ত নন এবং তার কাজ ভালো হচ্ছে না।
উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে পোপ লিওর পূর্বসূরি পোপ ফ্রান্সিসের সম্পর্কও খুব একটা ভালো ছিল না। অভিবাসন নীতির সমালোচনার জেরে ট্রাম্প তাকে একসময় ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছিলেন।
এদিকে পোপ লিও আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে আফ্রিকা সফর শুরু করতে যাচ্ছেন, যার প্রথম গন্তব্য মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ আলজেরিয়া।

এনটিভি অনলাইন ডেস্ক