গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত ১১
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে পৃথক হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু রয়েছে। সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) এই হামলা চালানো হয়। গত বছরের ১০ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরও একের পর এক হামলা চালয়ে যাচ্ছে ইসরায়েলি বাহনী। খবর আলজাজিরা।
গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার এই হামলায় নিহতদের মধ্যে তিন বছর ও ১৪ বছর বয়সী দুই শিশু রয়েছে।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা শহরে একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে চালানো হামলায় তিন বছরের শিশুসহ চারজন নিহত হয়েছেন।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শহরের কেন্দ্রে পুলিশ ভ্যানটি লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালানো হয়। এতে পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন নিহত ও নয়জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসাল আরও জানান, এদিন ভোরে উত্তরের বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি গুলিবর্ষণে এক ব্যাক্তি নিহত হন।
সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা শহরে শাতি শরণার্থী শিবিরের একটি মোড়ের কাছে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন, শাতি শরণার্থী শিবিরে একদল মানুষের ওপর ইসরায়েলি ড্রোনের দুটি মিসাইল হামলায় নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। রয়টার্স জানিয়েছে, একটি ক্যাফের কাছে ওই হামলা চালানো হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
উল্লেখ্য, গত অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ায় গাজায় ইসরায়েলের দুই বছরের দীর্ঘ গণহত্যা বা জেনোসাইড কিছুটা স্তিমিত হলেও ইসরায়েলি বাহিনী দৈনন্দিন হামলা অব্যাহত রেখেছেন। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৭৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় দুই হাজার ১১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৭২ হাজার ৩৩৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এনটিভি অনলাইন ডেস্ক