ভেনেজুয়েলায় তেল উৎপাদন বাড়াতে রেপসলের চুক্তি
ভেনেজুয়েলার সরকার ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএর সঙ্গে একটি নতুন চুক্তি করেছে স্পেনের জ্বালানি কোম্পানি রেপসল। এই চুক্তির লক্ষ্য দেশটিতে অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানো।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কোম্পানিটি জানায়, এই চুক্তির আওতায় পিডিভিএসএ এবং রেপসলের একটি যৌথ উদ্যোগ পেট্রোকুইরিকুইরের কার্যক্রমে পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পাবে এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অর্থপ্রাপ্তির নির্ভরযোগ্য ব্যবস্থাও নিশ্চিত করা হবে। খবর আনাদোলুর।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ মাসে উৎপাদন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে এবং অনুকূল পরিস্থিতি থাকলে আগামী তিন বছরে উৎপাদন তিনগুণ পর্যন্ত বাড়ানোর লক্ষ্য রয়েছে। বর্তমানে রেপসল ভেনেজুয়েলায় দৈনিক প্রায় ৪৫ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে।
কোম্পানিটির অনুসন্ধান ও উৎপাদন বিভাগের প্রধান ফ্রান্সিসকো গেয়া বলেন, এই চুক্তি ভেনেজুয়ায় রেপসলের দীর্ঘমেয়াদি উপস্থিতির প্রতিফলন। ১৯৯৩ সাল থেকে কোম্পানিটি দেশটিতে তাদের কার্যক্রম চালিয়ে আসছে।
এর আগে গত মাসে রেপসল ইতালির কোম্পানি ইনির সঙ্গে ভেনেজুয়ায় কার্ডন আইভি গ্যাস প্রকল্পে উৎপাদন অব্যাহত রাখতে পৃথক একটি চুক্তি করে।
মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হওয়ায় এবং নতুন লাইসেন্স অনুমোদনের ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়ায় বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।
দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও বিনিয়োগ ঘাটতির কারণে ভেনেজুয়েলার তেল খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে দেশটির উৎপাদন দৈনিক প্রায় ৮ লাখ ব্যারেল, যা একসময় ৩০ লাখ ব্যারেলের বেশি ছিল।

এনটিভি অনলাইন ডেস্ক