ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৮
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হলে আট আরোহীর সবাই নিহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো মৃতদেহ ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স।
ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, বৃহস্পতিবার সকালে মেলাউইয়ের একটি এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শাফি বলেন, দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি ঘন জঙ্গলবেষ্টিত ও খাড়া পাহাড়ি এলাকা। যেখান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তার প্রায় তিন কিলোমিটার পশ্চিমে উদ্ধারকারীরা হেলিকপ্টারটির লেজ বলে সন্দেহজনক ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ছয়জন যাত্রী ও দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যসহ উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছেন। শাফি জানান, মেলাউইয়ের ওই এলাকাটির মালিক ইন্দোনেশিয়ার পাম তেল কোম্পানি চিত্রা মাহকোটা ও হেলিকপ্টারটি ছিল ম্যাথিউ এয়ার নুসানতারার।

এনটিভি অনলাইন ডেস্ক