হরমুজ প্রণালি খোলার খবরে বাড়ল স্বর্ণের দাম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বৃদ্ধি পেয়েছে। ডলারের দর পতন এবং তেলের বাজারে অস্থিরতা কিছুটা কমে আসায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। খবর রয়টার্সের।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) নিউ ইয়র্ক সময় সকাল ৯টা ৩৬ মিনিটে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম এক দশমিক পাঁচ শতাংশ বেড়ে চার হাজার ৮৬০ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় দুই শতাংশের বেশি। মার্কিন গোল্ড ফিউচার এক দশমিক ছয় শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে চার হাজার ৮৮৩ দশমিক ২০ ডলারে।
জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ ধাতু কৌশলবিদ পিটার গ্রান্ট বলেন, ‘হরমুজ প্রণালি খুলে দেওয়া একটি বড় ঘটনা। তেলের দাম কমলে মুদ্রাস্ফীতির উদ্বেগ কমে এবং সুদের হার কমার সম্ভাবনা বাড়ে—যা স্বর্ণের বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক সংবাদ।’ তিনি মনে করেন, স্বর্ণের দাম খুব শীঘ্রই আবারও আউন্স প্রতি পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে সব ধরণের নৌযান চলাচল সমন্বিত রুট অনুযায়ী সচল থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান যুদ্ধের অবসান নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। এসব খবরের প্রভাবে ডলারের মান কমায় অন্যান্য মুদ্রার ধারকদের কাছে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
রয়টার্সের তথ্যমতে, ভারতের ব্যাংকগুলো বিদেশ থেকে স্বর্ণ ও রূপার অর্ডার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। সরকারি আনুষ্ঠানিক নির্দেশের অভাবে কাস্টমসে কয়েক টন মূল্যবান ধাতু আটকে আছে বলে জানা গেছে।
স্বর্ণের পাশাপাশি রূপার বাজারেও বড় উত্থান দেখা গেছে। স্পট রূপার দাম চার দশমিক ছয় শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮১ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম দুই দশমিক শতাংশ বেড়ে দুই হাজার ১৩০ দশমিক ৪২ ডলার এবং প্যালাডিয়ামের দাম দুই দশমিক চার শতাংশ বেড়ে এক হাজার ৫৮৮ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছে।

এনটিভি অনলাইন ডেস্ক