যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সময় নিয়ে যা জানা গেল
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ইরানি কূটনৈতিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, আগামী সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসার কথা রয়েছে।
এদিকে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় শেষ হচ্ছে আগামী বুধবার (২২ এপ্রিল)। ইতোমধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলন, এই আলোচনার মাধ্যমে আগামী বুধবারের মধ্যে কার্যকর কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না।
যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে সোমবারের বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে উভয় পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এদিকে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির প্রথম ২৪ ঘণ্টা পার হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের কিছু অভিযোগ সত্ত্বেও পরিস্থিতি মোটের ওপর শান্ত রয়েছে।
অন্যদিকে মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞার আওতামুক্ত রেখে রাশিয়ান অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য একটি নতুন ছাড়পত্র ইস্যু করেছে। ১৭ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত জাহাজে লোড হওয়া পণ্যের ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে কমেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এসএন্ডপি ৫০০ টানা তৃতীয় দিনের মতো রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরেও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর নজরদারি বাড়াতে মার্কিন নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস মিগুয়েল কিথ’ মালাক্কা প্রণালির দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।
হরমুজ প্রণালি খুলে যাওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘খুবই খুশি’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। আগামী মে মাসে চীনা নেতার সঙ্গে নিজের আসন্ন বৈঠক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এনটিভি অনলাইন ডেস্ক